ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » পুনরায় চালু ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা

পুনরায় চালু ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা

নবপ্রকাশ ডেস্ক:

টানা দু’দিন বন্ধ থাকার পর কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান ও তলবের মুখে অবশেষে সচল হয়েছে দেশের অন্যতম বাণিজ্যিক পেমেন্ট গেটওয়ে ‘কিউ-ক্যাশ’-এর আওতাভুক্ত ৩০টি ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন ব্যবস্থা।মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘আইটি কনসালট্যান্টস পিএলসি’ (আইটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর থেকে কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই কিউ-ক্যাশ নেটওয়ার্কের আকস্মিক সিস্টেম মাইগ্রেশনের অজুহাতে ৩০টি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড, এটিএম বুথ, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনাল এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি অচল হয়ে পড়ে। এতে কর্মদিবসের শুরুতে বিপুলসংখ্যক গ্রাহক চরম আর্থিক ভোগান্তির মুখে পড়েন।

গ্রাহকদের এই অবর্ণনীয় দুর্ভোগ ও অনুমতি ছাড়া হঠাৎ পেমেন্ট সুইচ বন্ধ করে দেওয়ার ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নির্দেশে মঙ্গলবার আইটি কনসালট্যান্টসের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সরাসরি তলব করা হয়। একই সাথে গ্রাহকস্বার্থ বিবেচনায় জরুরি ভিত্তিতে কিউ-ক্যাশ প্ল্যাটফর্মের অধীনে থাকা সকল ব্যাংক ও কার্ড সংক্রান্ত সেবা পুনরুজ্জীবিত করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কড়া আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশ কর্তৃপক্ষ জানায়, তাদের কারিগরি মাইগ্রেশন কাজ সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার রাত থেকেই আওতাধীন ৩০টি ব্যাংকের এটিএম, কার্ড ও অনলাইন লেনদেন ব্যবস্থা পুরোদমে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

এদিকে নেটওয়ার্ক সচল হওয়ার পর কিউ-ক্যাশের সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান ব্যাংক এশিয়াসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সেবা চালুর তথ্য নিশ্চিত করেছে। বার্তাগুলোতে জানানো হয়—তাদের এটিএম, ডেবিট-ক্রেডিট কার্ড, পিওএস টার্মিনাল, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর কোডভিত্তিক ট্রানজেকশন এখন সম্পূর্ণ সচল রয়েছে এবং গ্রাহকরা যথারীতি স্বাভাবিক লেনদেন করতে পারছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে