নবপ্রকাশ ডেস্ক:
বিমানবন্দর সেবার বকেয়া বিল পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুলে ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুই দেশের গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে উড়োজাহাজ জব্দের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আনাদোলু’ জানিয়েছে, গত সোমবার ইস্তাম্বুল বিমানবন্দর থেকে তেহরানগামী বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি যাত্রী নিয়ে উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মুহূর্তে আদালতের বাজেয়াপ্তকরণ আদেশের ভিত্তিতে তা আটকে দেন বিমানবন্দরের কর্মকর্তারা। তবে এটি মার্কিন নিষেধাজ্ঞার কারণে নয়, বরং নিছক আর্থিক ও প্রশাসনিক জটিলতার কারণে ঘটেছ বলে এতে নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত কাসপিয়ান এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, প্রশাসনিক জটিলতায় বোয়িং উড়োজাহাজটির উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত হওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া ৩০ লাখ ইউরোর হিসাব নিষ্পত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং খুব শিগগিরই উড়োজাহাজটি বহরে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার প্রভাব ব্যবহার করে ইরানের এয়ারলাইন্সগুলোর ওপর নতুন করে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে আঙ্কারা যুক্তরাষ্ট্রের সেই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করেনি এবং দুই দেশের মধ্যে ইরান এয়ারসহ একাধিক এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। কেবল মহান এয়ার আঙ্কারার অনুরোধে তুরস্কে তাদের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে।
