ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নিষেধাজ্ঞা মাঝেই ৩০ দেশে ইরানের ফ্লাইট

নিষেধাজ্ঞা মাঝেই ৩০ দেশে ইরানের ফ্লাইট

নবপ্রকাশ ডেস্ক:

ইরানের ওপর অর্থনৈতিক চাপ জোরদারের অংশ হিসেবে দেশটির পুরো বিমান চলাচল খাতের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই নজিরবিহীন বিধিনিষেধ ইতিমধ্যেই কার্যকর হলেও তেহরানের আকাশপথ পুরোপুরি রুদ্ধ করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আরব নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন অর্থ দপ্তরের জারি করা এই কড়া নিষেধাজ্ঞার মাঝেই তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের অন্তত ৩০টির বেশি গন্তব্যে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেলেও চীন, রাশিয়া, বেলারুশ ও পাকিস্তানসহ বেশ কয়েকটি মিত্র দেশের সঙ্গে ইরানের আকাশ যোগাযোগ সচল রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি সেপ্টেম্বর মাসে ইরানের সামগ্রিক এভিয়েশন খাতের ওপর চরম নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দেন, এই পদক্ষেপ তেহরানকে “অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ” করে ফেলবে। নিষেধাজ্ঞা কঠোরভাবে মানতে বিশ্বব্যাপী এয়ারলাইন্স ও বিদেশি কোম্পানিগুলোকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। বেসেন্ট হুঁশিয়ারি দেন, কোনো দেশ বা সংস্থা যদি ইরানি বিমানকে অবতরণ, রিফুয়েলিং বা টিকিটিং সেবা দেয়, তবে তাদের মার্কিন ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে চিরতরে বিচ্ছিন্ন করা হবে।

আমেরিকার এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ অবৈধ ও একতরফা’ আখ্যা দিয়ে তেহরান গত সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে।

গ্লোবাল ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর উপাত্ত অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তেহরানের ফ্লাইট চলাচল প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত রবিবার সেখানে ৪১টি বিমান ওঠা-নামা করেছে, যা নিষেধাজ্ঞার আগে দৈনিক ৮০ থেকে ৯০টি ছিল। দেশটির দুই প্রধান রাষ্ট্রীয় ও বেসরকারি বিমান সংস্থা—ইরান এয়ার এবং মাহান এয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের নির্দেশ প্রত্যাখ্যান করে চীন সরাসরি তেহরানের পাশে দাঁড়িয়েছে। বেইজিং মার্কিন পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে তাদের বিমানবন্দরে মাহান এয়ারের ফ্লাইট ওঠানামা অব্যাহত রেখেছে। রাশিয়া, পাকিস্তান, আর্মেনিয়া, আফগানিস্তান ও মালয়েশিয়াও ইরানের বিমান চলাচলে এখনো নিষেধাজ্ঞা কার্যকর করেনি। অন্যদিকে তুরস্কের অনুরোধে মাহান এয়ার সাময়িক ফ্লাইট স্থগিত করলেও রাষ্ট্রীয় ইরান এয়ার নিয়মিত ইস্তাম্বুলে যাতায়াত করছে।

তবে ইরানি যাত্রীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মার্কিন নিষেধাজ্ঞার পর নিজস্ব ভূখণ্ড থেকে ইরানের সকল ফ্লাইট ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ স্থগিত ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে ওয়াশিংটন কোনো পাল্টা শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না, তা এখনো স্পষ্ট করেনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে