নবপ্রকাশ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান কিছু চ্যালেঞ্জ দূর করে ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরিতে কাজ করছে সরকার। প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, নতুন দায়িত্ব গ্রহণের পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিই তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সুহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। সফরটি ঘিরে নানা গুঞ্জন বা আলোচনা থাকলেও সরকার বাস্তবতার নিরিখে কূটনৈতিক পথ তৈরি করছে।”
দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের নানা মাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, “প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার ভিত্তিতে একটি উপযোগী পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমেই প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত সূচি ঠিক করা হবে।”
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটগুলো সমাধান করে আগামী দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
