নবপ্রকাশ ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন সাফল্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের সফল নিউইয়র্ক সফর শেষে রবিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দর থেকে দুবাই হয়ে দেশে পৌঁছান। নিউইয়র্কে অবস্থানকালে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় গুরুত্বপূর্ণ ভাষণ দেন প্রধানমন্ত্রী। বিশ্বমঞ্চে প্রদত্ত তাঁর বক্তব্যে স্থান পায় বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানের জোরালো দাবি।
