নবপ্রকাশ ডেস্ক:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মধ্যরাতে ‘অপহরণের’ ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়ার ঢালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জিসান উপজেলার কাকারা ইউনিয়নের লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টায় ৮, আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে সাবের সদরের দোকানের সামনে থেকে রোববার দিবাগত রাত ৩টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ৪ ঘণ্টা পর ঢালা এলাকা থেকে জিসানের লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, জিসানকে অপহরণ করে চকরিয়া পৌরসভার সবুজবাগের কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়।
চকরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিনহাজ উদ্দিন বলেন, ‘জিসানকে অপহরণ করে হত্যা করা হয়েছে।’
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
পরিবার পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
