নবপ্রকাশ ডেস্ক:
বলিউডের অভিনেতাদের মধ্যে সম্পদের শীর্ষে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে এই মেগাস্টারের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি।
অভিনয় পেশার পাশাপাশি বেশ কিছু সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর এই বিশাল সম্পদ ব্র্যান্ড মূল্যের মূল ভিত্তি হিসেবে কাজ করছে প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স স্পোর্টস’।
প্রকাশিত তালিকার তথ্যমতে, শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, যার মোট সম্পদ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপির মালিক হয়ে তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছেন সালমান খান এবং ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন হৃতিক রোশন।
শীর্ষস্থান ধরে রাখলেও গত এক বছরের ব্যবধানে শাহরুখ খানের মোট সম্পত্তি কিছু পরিমাণ হ্রাস পেয়েছে। ২০২৫ সালের হুরুন তালিকায় তাঁর সম্পদ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি, অর্থাৎ এক বছরে কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি। এর আগে চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল তালিকায় তাঁর সম্পত্তি দেখানো হয়েছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি।
