নবপ্রকাশ ডেস্ক:
বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, নঈম নিজাম ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে নিজের ভোগদখলে রেখেছেন। এছাড়া তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকার বিপুল অর্থ লেনদেনের তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।
দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এসব অর্থ দুর্নীতি ও ঘুসের মাধ্যমে অর্জিত। মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অর্জিত এই অর্থের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে নঈম নিজামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হচ্ছে।
উল্লেখযোগ্য যে, এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিত আদালত নঈম নিজাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছিলেন।
