ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের পদোন্নতি ও প্রশাসনিক রদবদল আনা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আদেশের কথা জানানো হয়।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ও রদবদল: প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমান পদোন্নতি পেয়ে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি হয়েছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদফতরের ডিআইজি কামরুল আহসান পদোন্নতি পেয়ে যথাক্রমে পুলিশ অধিদফতর ও বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি এবং বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমীনকে পুলিশ অধিদফতরে স্থলাভিষিক্ত করা হয়েছে।

ডিআইজি পদে বদলি ও রদবদল: দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ৫ পদে রদবদল আনা হয়েছে। এতে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদফতরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

অন্যান্য রদবদলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, এসবি-র ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেলের (মাস র‍্যাপিড ট্রানজিট) ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই রদবদল আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে