জীবনযাপন ডেস্ক
তালের মৌসুমে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু তালের পায়েস। দুধ, আতপ চাল আর পাকা তালের মিশেলে তৈরি এই মিষ্টান্নে যোগ করা যায় খেজুরের গুড়, নারকেল, কাজু বা কিশমিশ। সহজ কয়েকটি ধাপেই তৈরি হবে সুগন্ধি ও ঘন তালের পায়েস।
উপকরণ:
- পাকা তাল ১টি বড়
- আতপ চাল ৫০ গ্রাম
- দুধ দেড় লিটার
- এলাচ ৩–৪টি
- তেজপাতা ১টি
- চিনি আধা কাপ বা স্বাদমতো
- খেজুরের গুড় ২–৩ টেবিল চামচ (ইচ্ছেমতো)
- ঘি ১ চা-চামচ
- কোরানো নারকেল ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
- কাজু বা কিশমিশ সামান্য
প্রণালি:
প্রথমে পাকা তাল চেঁছে অল্প পানি দিয়ে ভালোভাবে চটকে নিন। এরপর ছাঁকনিতে ছেঁকে তালের ক্বাথ আলাদা করে রাখুন। আঁশ ও আঁটি ফেলে দিন।
আতপ চাল ধুয়ে ১৫–২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। অন্যদিকে ভারী তলার হাঁড়িতে দুধ ঢেলে তেজপাতা ও এলাচ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন।
দুধ কিছুটা কমে এলে ভেজানো চাল দিয়ে দিন। চাল নরম হয়ে গেলে এতে প্রায় এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশ কাপ তালের ক্বাথ মিশিয়ে ভালোভাবে নাড়ুন।
তালের ক্বাথ দেওয়ার পর আঁচ কমিয়ে আরও ১০–১৫ মিনিট রান্না করুন। এ সময় নিয়মিত নেড়ে দিতে হবে। বেশি আঁচে রান্না করলে দুধ কেটে যেতে পারে।
এরপর চিনি মিশিয়ে দিন। চাইলে স্বাদ বাড়াতে খেজুরের গুড়ও যোগ করতে পারেন। পায়েস ঘন হয়ে এলে ঘি, কোরানো নারকেল, কাজু বা কিশমিশ দিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন।
চুলা বন্ধ করে পায়েস ঠান্ডা হতে দিন। ঠান্ডা করে পরিবেশন করলে তালের সুগন্ধ ও স্বাদ আরও ভালোভাবে পাওয়া যাবে।
