ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পেঁয়াজে কালো দাগ, খাবেন নাকি ফেলবেন?

পেঁয়াজে কালো দাগ, খাবেন নাকি ফেলবেন?

জীবনযাপন ডেস্ক

রান্নায় প্রায় প্রতিদিনই পেঁয়াজ ব্যবহার করা হয়। তাই কয়েক দিন রেখে দিলে এর খোসায় কালো দাগ বা কালচে গুঁড়ার মতো কিছু দেখা যেতে পারে। অনেকেই আক্রান্ত অংশ কেটে ফেলে বাকি পেঁয়াজ রান্নায় ব্যবহার করেন। তবে এমন পেঁয়াজ খাওয়া কতটা নিরাপদ, তা নিয়ে সতর্ক থাকা জরুরি।

পেঁয়াজে কালো দাগ হওয়ার অন্যতম কারণ ছত্রাকের সংক্রমণ। বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গা ও যেখানে বাতাস চলাচল কম, সেখানে রাখলে পেঁয়াজে দ্রুত ছত্রাক ধরতে পারে। শুরুতে সমস্যা শুধু বাইরের খোসায় থাকলেও পরে ভেতরের স্তরেও ছড়িয়ে পড়তে পারে।

কালো দাগ দেখলেই কি পেঁয়াজ ফেলে দেবেন?

বাইরের শুকনো খোসায় সামান্য কালচে দাগ থাকলেই যে পুরো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, এমন নয়। তবে খোসা ছাড়ানোর পর ভেতরেও কালো দাগ, কালচে গুঁড়া বা ছত্রাকের আস্তরণ দেখা গেলে সেটি না খাওয়াই নিরাপদ।

কারণ বাইরে যতটুকু ছত্রাক দেখা যায়, সংক্রমণ তার চেয়েও বেশি জায়গায় ছড়িয়ে থাকতে পারে। শুধু আক্রান্ত অংশ কেটে ফেললেই বাকি পেঁয়াজ পুরোপুরি নিরাপদ—এমন নিশ্চয়তা নেই। বিশেষ করে পেঁয়াজ নরম হয়ে গেলে, পচা গন্ধ বের হলে কিংবা ভেতরের স্তরেও দাগ দেখা গেলে পুরো পেঁয়াজই ফেলে দেওয়া উচিত।

ছত্রাক ধরা পেঁয়াজের গন্ধ শুঁকবেন না

পেঁয়াজে ছত্রাক দেখা গেলে সেটি নাকের কাছে নিয়ে গন্ধ পরীক্ষা করাও ঠিক নয়। ছত্রাকের গুঁড়া বাতাসে ছড়িয়ে নাক বা শ্বাসনালিতে ঢুকে অস্বস্তি তৈরি করতে পারে। তাই এমন পেঁয়াজ অযথা নাড়াচাড়া না করাই ভালো।

এ ছাড়া ছত্রাকের গুঁড়া পাশের অন্যান্য সবজি বা খাবারেও ছড়িয়ে যেতে পারে। ফলে একটি নষ্ট পেঁয়াজের কারণে আশপাশের খাবারও দূষিত হওয়ার ঝুঁকি থাকে।

পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করবেন?

পেঁয়াজ ভালো রাখতে শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় সংরক্ষণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যাঁতসেঁতে বা অতিরিক্ত আর্দ্র জায়গায় রাখলে ছত্রাক ও পচন দ্রুত বাড়তে পারে।

বাজার থেকে পেঁয়াজ কেনার সময় খোসায় কালো দাগ, অস্বাভাবিক আর্দ্রতা, নরম হয়ে যাওয়া বা পচনের কোনো লক্ষণ আছে কি না দেখে নিন। বাড়িতে আনার পর কোনো পেঁয়াজে ছত্রাক দেখা দিলে সেটি দ্রুত অন্য পেঁয়াজ থেকে আলাদা করে ফেলুন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে