বিনোদন ডেস্ক
আশির দশক দেখার সুযোগ হয়নি তাদের অনেকেরই। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে সেই সময়ের রেট্রো আবহে নিজেদের নতুনভাবে দেখছেন বর্তমান প্রজন্মের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ট্রেন্ডে এবার যোগ দিয়েছেন দেশের জনপ্রিয় বেশ কয়েকজন তারকা।
সময়ের সঙ্গে পোশাক, সাজসজ্জা ও ফ্যাশনের ধরন বদলেছে। তবু পুরোনো দিনের প্রতি মানুষের আগ্রহ এখনো অটুট। সেই নস্টালজিয়াকেই এআই প্রযুক্তির মাধ্যমে নতুন করে উপভোগ করছেন নেটিজেনরা। বর্তমানের ছবি রূপান্তর করে আশির দশকের সাজে নিজেদের কেমন লাগত, সেটিই তুলে ধরছেন তারা।
এই ট্রেন্ডে অংশ নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নিজের রেট্রো লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শুধু ‘ট্রেন্ড’ লিখেছেন তিনি। ছবি প্রকাশের পরই ভক্তদের নজর কাড়ে তার ভিন্নধর্মী সাজ।
একই পথে হেঁটেছেন চিত্রনায়িকা তমা মির্জা। আশির দশকের আদলে তৈরি নিজের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, তিনিও এই ট্রেন্ডে যোগ দিয়েছেন।
ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবকেও দেখা গেছে রেট্রো সাজে। নিজের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
অভিনেত্রী সাফা কবীরও পিছিয়ে নেই। আশির দশকের আবহে তৈরি একটি ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, এই সময়ের রেট্রো ট্রেন্ড এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। ছবিতে ‘ডা. ইরিন’ চরিত্রের আশির দশকের লুক কেমন হয়েছে, সেটিও ভক্তদের কাছে জানতে চেয়েছেন তিনি।
এআইয়ের এই নতুন ট্রেন্ডে তারকাদের এমন ভিন্নধর্মী উপস্থিতি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
