নবপ্রকাশ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানায় ৩ বছর ৪ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. আবিরকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টা ৪৮ মিনিটে মিরপুর মডেল থানা এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৭ (চট্টগ্রাম) ও র্যাব-৪ (ঢাকা)-এর একটি দল। অভিযানে মামলার মূল পলাতক আসামি আবিরকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন আভিযানিক দলের সদস্যরা।
গ্রেপ্তারকৃত আবির পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৪ জুলাই চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবিরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি আবির আত্মগোপনে চলে যান এবং স্থান পরিবর্তন করে ঢাকায় অবস্থান নেন।
আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারকৃত আবিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
