ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ধীরে ধীরে এগোচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

ধীরে ধীরে এগোচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

নব প্রকাশ ডেস্ক

প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামোর দিকে এগোচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু হয় ২০২৪ সালে। বর্তমানে দুটি ব্যাচে মোট ৮০ শিক্ষার্থী পড়াশোনা করছেন।

বিশ্ববিদ্যালয়টিতে এখন কৃষি ও মৎস্য—এই দুই অনুষদে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে আরও কয়েকটি অনুষদ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুটি গবেষণা ইনস্টিটিউট চালুর প্রস্তুতিও চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রতিষ্ঠার পর ২০২৪ সাল পর্যন্ত একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। দায়িত্ব নেওয়ার পর ৪০ জন করে দুটি ব্যাচে মোট ৮০ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু করা হয়েছে।

শিক্ষার্থীদের আবাসন সমস্যা সামলাতে একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস ভাড়া নেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।

চরাঞ্চলে কৃষির বাস্তব শিক্ষা

কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা চরাঞ্চল হওয়ায় এসব জমিকে ব্যবহারিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মাঠে নিয়ে কৃষির বিভিন্ন বিষয়ে সরাসরি কাজ শেখানো হচ্ছে। এর ফলে বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব কৃষি সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁরা।

উপাচার্য জানান, তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য একাডেমিক সুবিধার পাশাপাশি ল্যাবের পরিসরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ইউজিসির একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। শিক্ষার্থীদের জন্য আরও দুটি ভবন ভাড়া নেওয়া সম্ভব কি না, তা নিয়েও প্রতিনিধি দলটি সম্ভাব্যতা যাচাই করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে