প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
বিদিশার আইনজীবী মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির কারাবাস পর্যাপ্ত না হওয়ায় তার জামিন আবেদন আদালত নামঞ্জুর করেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় হওয়া এই মামলায় তার দুই বছরের কারাদণ্ড হয়। সাজা পরোয়ানা থাকায় তাকে গত ২৫ আগস্ট গ্রেফতার করা হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান গণমাধ্যমকে বলেন, বিদিশার কারাবাস পর্যাপ্ত না হওয়ায় তারা তার জামিনের বিরোধিতা করেন।
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে একটি মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছিলেন আদালত।২০০৮ সালে ৭ ফেব্রুয়ারি মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন। ২০০৮ সালের ২২ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
