ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা

বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত রেলিং মেরামতে ৬ থেকে ৭ দিন সময় লাগতে পারে। এ কাজে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের ঢালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে প্রায় ৫০ মিটার রেলিং ক্ষতিগ্রস্ত হয়। তবে সেতুর মূল অবকাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, দুর্ঘটনার সময় বাসটি সেতুর পূর্ব ও পশ্চিম পাশের রেলিংয়ে আঘাত করে। পশ্চিম পাশের রেলিংয়ে বড় ধরনের ক্ষতি না হলেও পূর্ব পাশের ব্যারিয়ারের ওপরের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সংস্কারে ৬ থেকে ৭ দিন সময় লাগতে পারে এবং ব্যয় হবে আনুমানিক দেড় থেকে দুই লাখ টাকা।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে সেতুর সড়কের ওপর কিছু দাগ পড়েছে, তবে সেগুলো গুরুতর নয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বাসের যাত্রী ও সেতুর অবকাঠামো রক্ষা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় আহত সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ওই ঘটনায় আহত কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি নেই।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শংকর পাল বলেন, দুর্ঘটনার পর আহত যাদের হাসপাতালে আনা হয়েছিল, সবাই চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।

যেভাবে দুর্ঘটনা ঘটে

সোমবার দুপুর সোয়া ১টার দিকে নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি বাস মাগুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢাল দিয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দুই পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাসটি মাওয়া প্রান্তের ঢালে পৌঁছে। এ সময় চালক অন্য একটি বাসকে অতিক্রমের চেষ্টা করেন। বাসটির গতি বেশি থাকায় একপর্যায়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানে-বাঁয়ে দুলতে থাকে। পরে বাসটি ঢালের ওপর লম্বালম্বিভাবে পিছলে গিয়ে দুই পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত বাসটি ঢালে উল্টে যায়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে