ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলেরা এবার একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলে ডাক পেয়েছেন আর্যবীর শেবাগ ও অনভয় দ্রাবিড়।
বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর প্রথমবারের মতো ভারত অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন। ডানহাতি এই ব্যাটারকে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে।
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক করা রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয়ও উইকেটকিপার-ব্যাটার হিসেবে ১৫ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন।
সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি মাল্টি-ডে ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। রাজকোটে ১৮ সেপ্টেম্বর হবে প্রথম ওয়ানডে। এরপর ২১ ও ২৩ সেপ্টেম্বর বাকি দুটি ম্যাচ খেলবে দুই দল।
রাজকোটেই ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর হবে প্রথম মাল্টি-ডে ম্যাচ। দ্বিতীয়টি ৫ থেকে ৮ অক্টোবর আহমেদাবাদে।
