ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ এর জয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ এর জয়

মোঃ তারেক হোসেন: রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্তি থেকে বের হয়ে নবগঠিত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” (ডিসিইউ)-তে একাডেমিক মাইগ্রেশনের পক্ষে অনুষ্ঠিত গণভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।

২০১৭ সাল থেকে সরকারি সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে দীর্ঘদিন ধরে পরীক্ষা ও ফলাফলে অনিয়ম, নম্বর কম দেওয়া এবং গণহারে ফেল করানোর মতো নানা অভিযোগে শিক্ষার্থীরা স্বাধীন প্রশাসনের দাবি জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার রাজধানীর সাতটি কলেজ সমন্বয়ে দেশের ৫ম স্বায়ত্তশাসিত ও ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” গঠনের সিদ্ধান্ত নেয়।
২০২৪-২০২৫ সেশন থেকে নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু হলেও ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ রানিং সেশনের শিক্ষার্থীদের যুক্ত করার প্রক্রিয়ায় একাংশের মধ্যে নতুন সংশয় দেখা দেয়। ডিসিইউ’র একাডেমিক সক্ষমতা ও সম্ভাব্য সেশনজট নিয়ে মতামত বিভক্ত হয়ে পড়লে উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

কোনো সমঝোতা না হওয়ায় চূড়ান্ত সমাধানের লক্ষ্যে গত ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত “হ্যাঁ-না” ভোটগ্রহণ করা হয়।
ভোটে ঢাবি ছেড়ে ডিসিইউ-তে আসার পক্ষে আগ্রহীরা ‘হ্যাঁ’ এবং ঢাবিতেই থাকার পক্ষে আগ্রহীরা ‘না’ ভোট দেন। মোট ৫৪,৩৯৬ জন শিক্ষার্থীর মধ্যে সর্বমোট ১৯,৬৮২ জন শিক্ষার্থী (৩৬ শতাংশ) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কলেজভিত্তিক ভোট গণনার চিত্র:
ঢাকা কলেজ: হ্যাঁ — ৩,৮৭৮ | না — ২৭
সরকারি তিতুমীর কলেজ: হ্যাঁ — ৩,১১০ | না — ১,৫২৫
সরকারি বাংলা কলেজ: হ্যাঁ — ৩,০৮৯ | না — ১১৭
কবি নজরুল সরকারি কলেজ: হ্যাঁ — ২,৩১৭ | না — ৭০
ইডেন মহিলা কলেজ: হ্যাঁ — ১,৮৫১ | না — ৩৯৪
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ: হ্যাঁ — ১,৮৩৪ | না — ৬২
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ: হ্যাঁ — ৭ ৩৩ | না — ১২৩

ভোটের এই স্পষ্ট ফলাফলের মধ্য দিয়ে সরকারি সাত কলেজের রানিং সেশনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ত্যাগ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে তাদের পথচলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে