গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো প্রায় শেষদিকে। হাতে সময় আছে মাত্র ১১ দিন। এ সময়ের মধ্যে আরও একজন স্ট্রাইকারের খোঁজে ন্যু ক্যাম্পের ক্লাব বার্সেলোনা। ক্লাব কর্তৃপক্ষ হুলিয়ান আলভারেজের জন্য অবশ্য এখনও অপেক্ষা করছে। ৭২ ঘণ্টা সময় বাঁধা আছে আতলেতিকো মাদ্রিদের জন্য। তারপর চূড়ান্ত প্রদক্ষেপ দেবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার প্রাক-মৌসুম পর্বের শেষ ম্যাচের পর হান্সি ফ্লিক জানান, তাঁদের আরও একজন স্ট্রাইকার প্রয়োজন। আর সেটা ট্রান্সফার উইন্ডো ক্লোজ হওয়ার আগেই। সাংবাদিকদের সঙ্গে আলাপে ফ্লিক নিশ্চিত করেন যে ক্লাব নতুন একজন ফরোয়ার্ডের খোঁজে রয়েছে, তবে তিনি কোনো নির্দিষ্ট ফুটবলারের নাম প্রকাশ করেননি।
জার্মান এই কোচ দলবদলের বাজারে স্পোর্টিং ডিরেক্টর ডেকোর কাজের প্রশংসা করেন, বিশেষ করে রদ্রিকে দলে ভেড়ানো ইস্যুতে পর্তুগালের সাবেক এই ফুটবলার যে চমক দিয়েছেন। লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনা তাদের লিগ অভিযান শুরু করার প্রস্তুতি নিলেও একজন নতুন ‘নাম্বার নাইন’ দলভুক্ত করা বার্সার মূল লক্ষ্যগুলোর একটি।
রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেসের ক্লাব ছাড়ার পর বার্সেলোনা যে আরও খেলোয়াড় কেনার কথা ভাবছে, তা আগেই নিশ্চিত করেছিলেন ডেকো। ফ্লিকের বক্তব্যের মাধ্যমে সেটিই আবারও উঠে এলো।
গাম্পার ট্রফি জয়ের পর নতুন খেলোয়াড় দলভুক্ত করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিক কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে জানান—স্পোর্টিং ডিপার্টমেন্ট এ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা নতুন খেলোয়াড় সংযোজন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ডেকো এটার দেখভাল করছেন।’
প্রাক-মৌসুমে ফ্লিককে চিন্তাভাবনা করার যথেষ্ট সুযোগ করে দিয়েছেন তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। প্রাক-মৌসুমে ৪টি গোল করে প্রস্তুতি পর্ব শেষ করেছেন তিনি। সাবেক ক্লাব আল আহলির বিপক্ষে ম্যাচেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ১৮ বছর বয়সী এই মিশরীয়।
তরুণ এই স্ট্রাইকারের খেলায় সন্তোষ প্রকাশ করে ফ্লিক বলেন, ‘হামজা খুব ভালো একজন স্ট্রাইকার। ক্রসে বল কানেক্ট করার দক্ষতা ওর বেশ চমৎকার। আজ তাকে বল ধরে রেখে খেলার চেষ্টা করতে দেখেছি, যা খুবই ভালো দিক। আমি ওর কাছ থেকেই এমনটা দেখতে চাই।’
