স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার সিটির হয়ে সাত বছরের এক আনন্দময় অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনাতে যোগ দিয়েছেন রদ্রি। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন করে ন্যু ক্যাম্পের ক্লাব। কাতালান ক্লাবে যোগ দেওয়ার আগে সিটি স্টুডিওকে দেওয়া বিদায়ী সাক্ষাৎকারে বেশ আবেগপ্রবন হয়ে পড়েন রদ্রি। ম্যান সিটিকে আজীবন হৃদয়ে লালন করবেন বলেও জানান তিনি।
সিটির হয়ে ২৯৮টি ম্যাচ ও ১৪টি ট্রফি জয়ী রদ্রি তাঁর বিদায়ী সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হচ্ছে না যে আমি একেবারেই সিটিকে ছেড়ে যাচ্ছি। আমার মনে হয় আমি শুধু অন্য আরেকটি ক্লাবে যোগ দিচ্ছি, তবে আমার হৃদয় সর্বদা এই শহর এবং এই ক্লাবের সাথেই থাকবে।’
রদ্রি জানান, তিনি সবসময় সিটির সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন। বলেন, ‘আমি সবসময় সিটির ম্যাচগুলোতে সম্পৃক্ত থাকার চেষ্টা করব। ম্যাচ দেখতে আসব এবং সতীর্থদের (সাবেক) সঙ্গে যোগাযোগ রাখব।’
আবেগ ধরে রাখতে না পারলেও বাস্তবতা তুলে ধরেছেন সদ্য সিটি থেকে বিদায় নেওয়া এই হোল্ডিং মিডফিল্ডার, ‘তবে হ্যাঁ, শারীরিকভাবে তো সিটি থেকে বিদায় নিতেই হচ্ছে। আমার মনে হয় দীর্ঘ সাতটি বছর পার করে বিদায় বলার এবং চমৎকার একটি গল্পের ইতি টানার এটাই সঠিক সময় ছিল। আমি এই যাত্রায় গর্বিত। ক্লাব এবং খেলোয়াড় উভয় পক্ষই এই যাত্রার জন্য গর্বিত, আর এটিই ছিল আমার এই সিদ্ধান্তের মূল কারণ।’
সর্বোপরি রদ্রি আসল কথাটাই সামনে আনেন। তিনি বলেন, ‘আমার হৃদয় সারাজীবন ‘ব্লু’ (সিটির রঙ) হয়েই থাকবে। এবং সিটির যে কোনো প্রয়োজনে রদ্রি সবসময় পাশে থাকবে।’
হাঁটুর গুরুতর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়ে ফিরে আসার মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস গভীরভাবে স্পর্শ করেছিল রদ্রিকে। তিনি বলেন, ‘আমি সবসময় মনে করি ব্যক্তিগত ট্রফিগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এই বছরগুলোতে খারাপ মুহূর্তে, বিশেষ করে যখন চোট পেয়েছিলাম, তখন ক্লাবের যে ভালোবাসা পেয়েছিলাম সেটাই মূল বিষয়। আমি যখন মাঠে ফিরে আসি তখন সমর্থকদের পাওয়া ভালোবাসাটা এক কথায় অবিশ্বাস্য ছিল। সেদিন তারা দেখিয়েছে, তারা কতটা আবেগ দিয়ে রদ্রিকে ফের মাঠে দেখতে ব্যাকুল ছিল। তা দেখে আমার চোখ অশ্রুসজল হয়ে গিয়েছিল এবং মনটা গর্বে ভরে উঠেছিল।’
