ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সরকারের ১৮০ দিন

সরকারের ১৮০ দিন

সরকারের ১৮০ দিন

সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিনে গণতন্ত্র, অর্থনীতি, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো ও পররাষ্ট্রনীতিসহ ১০টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে সরকার।

আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের সবচেয়ে বড় অর্জন হলো জনগণের আস্থা ও সমর্থন। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কাজ করছে।

কৃষক ও সামাজিক নিরাপত্তায় উদ্যোগ

মাহ্দী আমিন জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রায় ১৩ লাখ কৃষক পরিবার উপকৃত হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ও বৌদ্ধ অধ্যক্ষদের সম্মানী দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।

অর্থনীতি ও বিনিয়োগ

সরকার দায়িত্ব নেওয়ার পর ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। ব্যবসা-বাণিজ্য সহজ করা, কর ও ভ্যাট সমন্বয়, রপ্তানিমুখী শিল্পে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির কথা তুলে ধরা হয়।

মাহ্দী আমিন বলেন, গত জুলাইয়ে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি কমেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলেও দাবি করেন তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় উদ্যোগ

মধ্যপ্রাচ্যের সংঘাত ও অভ্যন্তরীণ সমস্যার কারণে সাম্প্রতিক গ্যাস সংকটের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

তিনি জানান, একটি এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। সংকট সমাধানে মালয়েশিয়া, চীন ও আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে দেশে গ্যাসের অভ্যন্তরীণ উৎস বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিকল্পনা

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাহ্দী আমিন। পাশাপাশি এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

শিক্ষাক্ষেত্রে নতুন বিষয় সংযোজন, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান এবং মিড-ডে মিল চালুর উদ্যোগের কথা জানানো হয়।

আইনশৃঙ্খলা ও বিচার

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থিতিশীলতা এসেছে দাবি করে মাহ্দী আমিন বলেন, পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক হয়রানিমুক্ত, জনবান্ধব ও সেবাধর্মী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী ও শিশু হত্যা, ধর্ষণসহ গুরুতর অপরাধের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের কয়েকটি আলোচিত মামলার তদন্তেও অগ্রগতি হয়েছে।

অবকাঠামো ও পরিবেশ

ঢাকার যানজট কমাতে পরীক্ষামূলকভাবে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর কথা জানানো হয়। নারীদের জন্য পিংক বাস সার্ভিস এবং ঢাকার সড়কে ২০০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

এ ছাড়া তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ এবং বাংলাদেশ-চীন ইকোনমিক করিডোর নিয়ে অগ্রগতির কথা জানান তিনি।

পরিবেশ রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ, খাল খনন ও সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মাহ্দী আমিন।

মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি

সরকারের পররাষ্ট্রনীতির মূলনীতি ‘সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে।

চীন ও মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সফর এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর নেতৃত্ব

সরকারের ১৮০ দিনের সাফল্য তুলে ধরে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তথাকথিত ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে সরাসরি অংশ নিচ্ছেন।

তিনি বলেন, ১৬ বছরের শাসনামলের পর ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো রাতারাতি পুরোপুরি সংস্কার করা সম্ভব নয়। তবে জনগণের প্রতি দায়বদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকার কাজ করে যাচ্ছে।

মাহ্দী আমিনের আরও বলেন , জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সরকারের ক্ষমতার একমাত্র উৎস জনগণ এবং জনগণের কল্যাণেই সরকার কাজ করছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে