স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে মঙ্গলবার বিয়ে করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দুইদিন পরই আল নাসরের ট্রেনিং সেশনে ফিরেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগের শুরুর ম্যাচেই রোনালদোর মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু।
শনিবার আল ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আল নাসর। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
রোনালদো এবার নতুন চুলের স্টাইল নিয়ে অনুশীলনে ফিরেছেন। আল নাসরের হয়ে নতুন মৌসুমটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ২৫তম মৌসুম। দলের অনুশীলনে ফেরার সময় রোনালদোকে স্বাগত জানিয়ে আল নাসর কোচ বলেন, ‘স্বাগতম, ক্রিস। অভিনন্দন। তোমার ও তোমার পরিবারের জন্য শুভকামনা।’
আল ফাতেহর বিপক্ষে ম্যাচে রোনালদো খেলবেন কি না—জানতে চাইলে আল নাসর কোচ বলেন, ‘রোনালদো সবসময়ই প্রস্তুত।’
সবশেষ জুলাইয়ের ৬ তারিখ মাঠে নেমেছিলেন রোনালদো। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের বিপক্ষে হেরে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। বিশ্বকাপের হতাশা ভুলে রোনালদোর সামনে বড় মাইলফলকের হাঁতছানি।
ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পথে রয়েছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১,৩২৬ ম্যাচে তার গোলসংখ্যা ৯৭৬। হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২৪ গোল দূরে তিনি।
গত মৌসুমে সৌদি প্রো লিগে ২৮ গোল করে প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রোনালদো। দারুণ পারফরম্যান্সে সৌদি আরবে প্রথম শিরোপা জেতেন তিনি।
তবে গত মৌসুমের শিরোপা জেতানো কোচ জর্জে জেসুসকে পাচ্ছেন না রোনালদো। মৌসুম শেষেই দায়িত্ব ছেড়েছেন জেসুস। তার জায়গায় দুই বছরের চুক্তিতে ক্লাবটির দায়িত্ব পাওয়া পোস্তেকোগলুর সামনে এখন বড় চ্যালেঞ্জ—আল নাসরের শিরোপা ধরে রাখা।
নতুন মৌসুমের আগে নিজের দল নিয়ে সন্তুষ্ট পোস্তেকোগলু। সাবেক টটেনহাম ও নটিংহাম ফরেস্টের এই কোচ বলেন, ‘আমরা যখন চ্যালেঞ্জগুলোর কথা বলেছিলাম, তখনই জানতাম পরিস্থিতি ও চ্যালেঞ্জ ভিন্ন হতে পারে। তবে পরিস্থিতি যেমনই হোক, আমাদের সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’
