ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মনোবল ভাঙতে অপপ্রচার: কঠোর ব্যবস্থা চায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

মনোবল ভাঙতে অপপ্রচার: কঠোর ব্যবস্থা চায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

নবপ্রকাশ ডেস্ক: পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়া ও বাহিনীকে বিতর্কিত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপতথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এসব অপপ্রচার বন্ধের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইন ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীম পারভীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশের ভঙ্গুর মনোবল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বাহিনীর সদস্যরা নতুন উদ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালনে ফিরছেন। ঠিক এ সময় পুলিশের বাইরে ও অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু গুপ্ত ও ফ্যাসিস্টদের দোসর দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট ও নামধারী সাংবাদিকদের কাছে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন।

সংগঠনটির অভিযোগ, এসব তথ্যের সত্যতা, প্রেক্ষাপট ও যথার্থতা যাচাই না করেই কথিত সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা সেগুলো অতিরঞ্জিত করে নানা মনগড়া ও বিভ্রান্তিকর গল্প তৈরি করছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তা প্রচার করা হচ্ছে।

এ ধরনের অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে দায়িত্ব পালনে ফিরে আসা সাধারণ পুলিশ সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিকভাবে একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর কর্মস্পৃহা ও কর্মক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ বাহিনীর মনোবল ও কর্মস্পৃহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় অপতথ্য, গুজব ও কুৎসামূলক প্রচারণার মাধ্যমে পুলিশ বাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার অপচেষ্টা দেশের জনস্বার্থ ও একটি স্বাভাবিক, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশার পরিপন্থী।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আরও বলেছে, ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি সুশৃঙ্খল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন ও নেতিবাচক কর্মকাণ্ড কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতা বা মতপ্রকাশের স্বাধীনতার অংশ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড পেশাগত নৈতিকতা, রাষ্ট্রীয় স্বার্থ এবং একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী।

এদিকে পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে দুর্বল ও বিতর্কিত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এ ধরনের অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও কর্মকাণ্ড যথাযথভাবে শনাক্ত করে প্রচলিত আইন, বিধি ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও পুলিশ বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে