রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকায় শপিং ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে এসব উদ্ধার করা হয়।
সবুজবাগ থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের কালভার্টের নিচে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করা হচ্ছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী বলেন, উদ্ধার হওয়া অংশের বাইরে শরীরের বাকি অংশ এখনো পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তরুণীকে হত্যার পর পরিচয় গোপন ও লাশ গুমের উদ্দেশে দেহ খণ্ডিত করে ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।
