ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর আজ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর আজ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হলো আজ, মঙ্গলবার (২১ জুলাই)। গত বছরের এই দিনে মুহূর্তেই প্রাণচঞ্চল ক্যাম্পাস পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। দুর্ঘটনায় পাইলট, এক শিক্ষিকা এবং ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন আরও বহু শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী।

ঘটনার পর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর দগ্ধদের চিকিৎসা চলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দীর্ঘ চিকিৎসার পর অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, তাদের শরীরে রয়ে গেছে পোড়া ক্ষতের চিহ্ন এবং মনে সেই দিনের ভয়াবহ স্মৃতি।

দুর্ঘটনার পর তৎকালীন অন্তর্বর্তী সরকার নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। প্রায় তিন মাসের তদন্ত শেষে ১৫০ জনের সাক্ষ্য ও ১৬৮টি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ৩৩ দফা সুপারিশসহ প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নজনিত ত্রুটির কারণে প্রশিক্ষণ চলাকালে পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা এবং বরিশাল ও বগুড়া বিমানঘাঁটির রানওয়ে সম্প্রসারণের সুপারিশ করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি রাজউকের বিল্ডিং কোড অনুসরণ করে নির্মাণ করা হয়নি। ভবনে প্রয়োজনীয় সংখ্যক সিঁড়ি না থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে তদন্তে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় গুরুতর আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্তর চিকিৎসা দেশজুড়ে আলোচনায় আসে। শরীরের ৪৫ শতাংশ পুড়ে যাওয়া দীপ্তকে ৯৭ দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ সময়ে তার ৩৬টি অস্ত্রোপচার ও আটবার স্কিন গ্রাফটিং করা হয়। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, তার দীর্ঘ চিকিৎসা এই ট্র্যাজেডির এক অনন্য সংগ্রামের প্রতীক হয়ে আছে।

এদিকে, আগুনে পুড়ে কয়েকজন নিহতের মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচজনের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সোমবার দোয়া মাহফিল ও নিহতদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। আজ ট্র্যাজেডির দিনটি উপলক্ষে প্রতিষ্ঠানের সব শাখায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তরার দিয়াবাড়ি ক্যাম্পাসে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নীরবতা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা অংশ নেবেন।

এক বছর পেরিয়ে গেলেও নিহতদের স্বজন, আহত শিক্ষার্থী এবং মাইলস্টোন পরিবারের কাছে ২১ জুলাই এখনও শোক, বেদনা ও না-ভোলা এক বিভীষিকার দিন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে