মোঃ আকরাম হোসেন, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন মেট্রন ও চারজন মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।
শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, ঘটনার তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার সংশ্লিষ্ট সাতজনের বিরুদ্ধে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা। এছাড়া মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমাকেও বরখাস্ত করা হয়েছে।
কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির ফাঁক গলে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারজুড়ে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া হয় যে তিনি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন।
এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
