টানা তিন দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য তিন জেলাসহ বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে আর কতদিন বৃষ্টি চলবে—এ প্রশ্নের উত্তর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালেও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে চট্টগ্রামের আমবাগান স্টেশনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কুতুবদিয়ায় ৩০০ মিলিমিটার, চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার, বান্দরবানে ২৩৫ মিলিমিটার, গোপালগঞ্জে ১৪২ মিলিমিটার, রাঙামাটিতে ১৩০ মিলিমিটার, কক্সবাজারে ১২৫ মিলিমিটার এবং তেঁতুলিয়ায় ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অন্তত আরও দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তবে স্বস্তির খবরও দিয়েছে সংস্থাটি। পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবারও ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ অন্তত ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।
