নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো ও শিল্পপ্রযুক্তি খাতের টেকসই উন্নয়নকে সামনে রেখে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী ৭ থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত হবে ‘১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬’।
আয়োজক প্রতিষ্ঠান এক্সপোনেট এক্সিবিশন-এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, এবারের আয়োজনে ১২টি দেশের প্রায় ১৪০টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নেবে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বিদ্যুৎ, জ্বালানি, নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট আধুনিক পণ্য, প্রযুক্তি ও সেবা উপস্থাপন করা হবে।
একই ভেন্যুতে বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো’। সংশ্লিষ্টরা বলছেন, এ সহ-আয়োজন উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও সরবরাহ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত প্রযুক্তির মধ্যে কার্যকর সংযোগ তৈরি করবে।
আয়োজকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি, আমদানিনির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে। প্রদর্শনীতে কার্বন নিঃসরণ হ্রাস, সবুজ জ্বালানির ব্যবহার, সৌরবিদ্যুতের সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর চেয়ারম্যান জালাল আহমেদ, সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি-এর চেয়ারম্যান মুজাফফর আহমেদসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
এছাড়া, দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজনেস প্রমোশন কাউন্সিল-এর উদ্যোগে ছয়টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, আন্তর্জাতিক বাজার সংযোগ ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ আয়োজন দেশি-বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রযুক্তি সরবরাহকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করবে এবং শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি প্রদর্শনী নয়; বরং ব্যবসায়িক সংযোগ, জ্ঞান বিনিময় ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এখানে তাদের উদ্ভাবনী পণ্য ও সমাধান উপস্থাপনের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।
প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতায় রয়েছে RR Kabel, Bright Powertech এবং Run Power Engineering। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ, The Business Standard, বণিক বার্তা, সময়ের আলো, খবরের কাগজ এবং সারা বাংলা।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
