বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীকে ঘিরে ফের সরগরম বিনোদন অঙ্গন। গুঞ্জন উঠেছে, আগামী ১৬ সেপ্টেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। তবে বিয়ের ভেন্যু কিংবা পাত্রের নাম নিয়ে এখনো নীরবতা বজায় রেখেছেন এই তারকা। ঘনিষ্ট সূত্রের দাবি, আয়োজনটি একেবারেই পারিবারিকভাবে গোপনীয়তার মধ্যে রাখা হচ্ছে।
এর আগে গত মার্চে এক সাক্ষাৎকারে নিজের এনগেজমেন্টের খবর স্বীকার করেছিলেন পূজা। তবে হবু বর বিনোদন জগতের বাইরের মানুষ—এটুকু ছাড়া বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। মাঝখানে আগস্টের দিকে তার গোপনে বিয়ের খবর ছড়িয়ে পড়লেও সেটিকে স্রেফ ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দেন, শুভকাজটি সম্পন্ন হলে তা ঢাকঢোল পিটিয়েই সবাইকে জানানো হবে।
সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার সেপ্টেম্বরের মাঝামাঝি একটি সম্ভাব্য তারিখ সামনে এল। গুঞ্জন যদি সত্যি হয়, তবে ১৬ সেপ্টেম্বরেই আনুষ্ঠানিক পরিণয়ে রূপ নিতে যাচ্ছে তাদের সম্পর্ক। যদিও ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা এখনো অপেক্ষায় আছেন অভিনেত্রীর কাছ থেকে নিশ্চিত বার্তার।
শিশুশিল্পী হিসেবে পর্দায় পা রাখা পূজা চেরী ‘পোড়ামন ২’, ‘দহন’ কিংবা ‘গলুই’-এর মতো ব্যবসা সফল সিনেমা দিয়ে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এখন দেখার বিষয়, ভক্তদের সেই প্রিয় তারকা সত্যি সত্যিই বাস্তব জীবনের নতুন ইনিংসে পা দেন কি না।
