নবপ্রকাশ ডেস্ক:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ জন থেকে ব্যাপকভাবে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ অক্টোবর শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
শিক্ষা উপদেষ্টা জানান, আগে দীর্ঘকাল কেবল ১২ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দেওয়া হলেও এবার পরিধি বিস্তৃত করা হয়েছে। এর আওতায় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক, কারিগরি, মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ, চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ নানা বিশেষায়িত শাখার নিবেদিতপ্রাণ শিক্ষকেরা স্থান পাবেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা তালিকা যাচাই-বাছাই করে স্টিয়ারিং কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের সামাজিক মর্যাদা সুদৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
