নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র/কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসা থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল।
ডিবি সূত্র আরও জানায়, ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে ঘটনার আগের দিন দলের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে রেকি করে। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
এরপর ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয় সদস্যের ওই ডাকাত দলের চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল ও একটি স্পাইক ড্যাগার উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র/কার্ডও উদ্ধার করা হয়েছে। এসব পরিচয়পত্র কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে ডাকাত দলের পলাতক অপর দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দলটির অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে ডিবি।
