নবপ্রকাশ ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন চারিয়া নয়াহাট বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহীদুল্লাহ হাটহাজারীর খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে যে হাটহাজারী থানার একটি হত্যা মামলার পর থেকে পলাতক থাকা এজাহারনামীয় ২ নম্বর আসামি শহীদুল্লাহ চারিয়া নয়াহাট বাজার এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শহীদুল্লাহর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
