ঢাকা
ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মনে করেন দেশটির সাবেক মিডফিল্ডার গাইজকা মেন্ডিয়েতা। তবে লিওনেল মেসিদের বিপক্ষে ম্যাচটি কঠিন হলেও শেষ হাসি স্পেনই হাসবে বলে বিশ্বাস তার।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের আগে ‘টকস্পোর্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে মেন্ডিয়েতা ভবিষ্যদ্বাণী করেছেন, স্পেন ২-১ গোলে হারাবে আর্জেন্টিনাকে।

মেন্ডিয়েতার মতে, স্পেনের খেলার ধরন অনেকটাই অনুমানযোগ্য হলেও আর্জেন্টিনাকে বোঝা তুলনামূলক কঠিন। কারণ লিওনেল স্কালোনির দল পরিস্থিতি অনুযায়ী দ্রুত কৌশল বদলাতে পারে।

তিনি বলেন, “স্পেন কীভাবে খেলবে, সেটা অনেকটাই অনুমান করা যায়। তাই তাদের বিপক্ষে পরিকল্পনা করা সহজ। বোঝা যায়, তারা কোন জায়গায় ভালো এবং কীভাবে খেলবে।”

আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে তিনি বলেন, “তাদের ক্ষেত্রে আগে থেকে নিশ্চিত হওয়া যায় না। মনে হতে পারে তারা ছোট ছোট পাসে খেলবে, কিন্তু হঠাৎই লং বল খেলতে শুরু করবে। আবার কখনো মেসিকে লক্ষ্য করে ক্রস, কখনো সেট-পিস—তাদের খেলার ধরন অনেক বৈচিত্র্যময়।”

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেলে স্পেনের জন্য তুলনামূলক স্বস্তির হতো বলেও মন্তব্য করেন সাবেক এই তারকা। তবে আর্জেন্টিনার অনিশ্চিত কৌশল স্পেনের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি।

ফাইনালের সম্ভাব্য ফল নিয়ে মেন্ডিয়েতা বলেন, “আমার মনে হয় স্পেন ২-১ ব্যবধানে জিতবে।” তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ম্যাচে লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল দুজনেই গোল করবেন এবং স্পেনের গোলরক্ষক উনাই সিমন একটি পেনাল্টি ঠেকাবেন।

দুই দলের গোলরক্ষকের প্রশংসা করে মেন্ডিয়েতা বলেন, উনাই সিমন ও আর্জেন্টিনার গোলরক্ষক—দুজনই এবারের বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার। তার মতে, পেনাল্টি কিংবা টাইব্রেকারের মতো পরিস্থিতিতেও তারা বড় পার্থক্য গড়ে দিতে পারেন।

নিজের খেলোয়াড়ি জীবনে ৩৫টি পেনাল্টির মধ্যে মাত্র তিনটি মিস করা মেন্ডিয়েতা বলেন, “১২ গজ দূরত্ব থেকে আমি তাদের কাউকেই মোকাবিলা করতে চাইতাম না। দুজনই অসাধারণ গোলরক্ষক।”

স্পেনের সাবেক এই মিডফিল্ডারের মতে, এবারের ফাইনালে ওঠা দুই দলই যোগ্যতার প্রমাণ দিয়েছে। প্রতিটি পজিশনে বিশ্বমানের খেলোয়াড় থাকায় মেটলাইফ স্টেডিয়ামের লড়াই হবে জমজমাট।

এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের—মেন্ডিয়েতার ভবিষ্যদ্বাণী সত্যি হয়, নাকি মেসির আর্জেন্টিনা আবারও বিশ্বজয়ের গল্প লেখে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে