ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সেলিম আল দীন স্মরণে ৪ নাটক

সেলিম আল দীন স্মরণে ৪ নাটক

নবপ্রকাশ ডেস্ক:

বাংলা নাটকের কালপুরুষ ও নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করে ‘স্মরণে সেলিম আল দীন’ শিরোনামে চার দিনব্যাপী বিশেষ নাট্যোচ্ছবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ। এতে দুটি বিখ্যাত নাটকের মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দুদিন, ২৭ ও ২৮ সেপ্টেম্বর পরিবেশিত হচ্ছে সেলিম আল দীনের বিখ্যাত নাটক ‘যৈবতী কন্যার মন’। নাটকটির নির্দেশনা ও পরিকল্পনা করেছেন আফরিন হুদা তোড়া। এরপর ২৯ ও ৩০ সেপ্টেম্বর প্রদর্শিত হবে তাঁর আরেক বহুল চর্চিত নাটক ‘ধাবমান’, যা নির্দেশনা ও পরিকল্পনা করেছেন কৃপাকণা তালুকদার।

‘যৈবতী কন্যার মন’ নাটকের কাহিনীতে দর্শক অষ্টাদশ শতকের গ্রামীণ বাংলার সমাজব্যবস্থাকে নতুন করে প্রত্যক্ষ করবেন। লোকায়ত সংস্কৃতি, ধর্মীয় সংস্কার এবং সামাজিক রীতিনীতির আবহমান পরিবেশে কালিন্দী নামের এক নারীর জীবন সংগ্রাম ফুটে উঠেছে। সেখানে শংকর ও আলালের আগমন কালিন্দীর অন্তরে তৈরি করে প্রেম, পরিচয় ও বিশ্বাসের এক চরম মনস্তাত্ত্বিক টানাপোড়েন। নাটকটি ব্যক্তিআকাঙ্ক্ষা ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের চিরন্তন মানবিকতার মর্যাদাকেই প্রধান করে তোলে।

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী। এতে প্রধান চরিত্র ‘কালিন্দী’তে যৌথভাবে অভিনয় করছেন দূর্বা, শিউল, পারিহান, ইলমা, শিফা, অথৈ, আয়াত ও সিথী। ‘শংকর’ চরিত্রে শুভ, সাবায়েত ও সানজিদ এবং ‘আলাল’ চরিত্রে অভিনয় করছেন প্রত্যয়, দুর্জয়, মাহাবুব ও সানজিদ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র—শ্রীকরে মাহাবুব, জগদম্বায় জয়ীতা, ভবনীতে দূর্বা, হারাধনে শায়ক ও গন্ধর্বদাস চরিত্রে অভিনয় করছেন সানজিদ। সূত্রধরের ভূমিকায় রয়েছেন দুর্জয়, শিফা, সিথী, ইলমা ও মোশারফ। এছাড়া দেবদূত চরিত্রে মিতালী এবং শলপী চরিত্রে দেখা যাবে জয়ীতা ও শিউলকে।

নির্দেশক আফরিন হুদা তোড়া জানান, নাট্যাচার্য সেলিম আল দীনের সৃষ্টিশীল কাব্যময় ভাষা এবং তাঁর মানবপ্রেমের গভীর দর্শনকে নিজস্ব নাট্যরীতিতে মঞ্চে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কালিন্দীর অস্তিত্ব সংকটের ভেতর দিয়ে আধুনিক সামাজিক প্রেক্ষাপটের নানা মৌলিক প্রশ্ন দর্শকের ভাবনায় সাড়া জাগাবে বলে বিশ্বাস নির্দেশকের।

পুরো আয়োজন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা বলেন, “চার দিনের এই নাট্যপ্রদর্শনী সেলিম আল দীনের অনবদ্য নাট্যভাবনা ও কালজয়ী সৃষ্টির সাথে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিবিড় সংযোগ ঘটাবে। একই সঙ্গে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। নাটকপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সার্থক ও সাফল্যমণ্ডিত হবে বলে আশা করছি।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে