ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ১৪ মে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ১৪ মে

কোর্ট রিপোর্টার:
প্রায় দুই বছর পর আগামী ১৩ ও ১৪ যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচন। অথচ ইতিপূর্বে প্রতি বছর এই নির্বাচন আয়োজন করা হয়ে থাকে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর সেই ধারাবাহিকতায় ছন্দপতন ঘটে।
এবার এ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থকদের প্যানেল নেই। তবে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির প্যানেলের পাশাপাশি জামাতে ইসলামীর পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। খন্ডিতভাবে অংশ নিচ্ছে এনসিপি।
সরকার (বিএনপি) সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, বিরোধীদল (জামায়াত) সমর্থক আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেল।
যদিও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু বাছাইয়ে তাদের মনোনয়ন টেকেনি।

কারণ হিসেবে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানকারীদের লিখিত আবেদন ও সাধারণ আইনজীবীদের আপত্তির কারণে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছেন না।
অপরদিকে আওয়ামী সমর্থকরা বলছেন, বারের গঠনতন্ত্র ও নিয়ম ভঙ্গ করে অ্যাডহক কমিটি যাচাই-বাছাই না করে ৪০ জনের বেশি প্রার্থীকে নির্বাচন থেকে দূরে সরিয়েছে, যা অসাংবিধানিক ও ন্যায়বিচার পরিপন্থি।
এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, জুলাইযোদ্ধাসহ অনেকে সুপ্রিম কোর্ট বারে লিখিত দরখাস্ত দিয়েছেন, প্রেস ব্রিফিং করেছেন। তারা বলেছেন, যারাই ইতঃপূর্বে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছেন বা সমর্থন করেছেন; তাদের যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বারের বিশেষ সাধারণ সভা সিদ্ধান্ত নিয়েছে।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সভাপতি প্রার্থী হতে চাওয়া সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী বলেন, কেউ কোনো দলের বা সংগঠনের পক্ষ থেকে দলবদ্ধ হয়ে কোনো মনোনয়ন দাখিল করেননি। বারের তথাকথিত বিশেষ সাধারণ সভার নোটিশ কোনো প্রার্থীকে না দিয়ে অ্যাডহক কমিটি মধ্যরাতে মেসেজ দিয়ে পরদিন দুপুরে মনগড়া সভা করে সিদ্ধান্ত গ্রহণ করে, যা অবৈধ ও নিন্দনীয়।
তিনি বলেন, উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে আইনজীবী সমিতিতে স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু বারের সংবিধান ও নিয়ম ভঙ্গ করে এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে ৪০ জনের বেশি প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রাখার অপপ্রয়াস অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও ন্যায়বিচারের পরিপন্থি। অ্যাডহক কমিটি কর্তৃক নজিরবিহীন ও প্রহসনমূলক নির্বাচন সুপ্রিম কোর্ট বারের ৭৭ বছরের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
তিনি বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত বাতিল করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানান।
নির্বাচনে আওয়ামী সমর্থকরা না থাকায় মূলত লড়াই হবে সরকার সমর্থক এবং বিরোধী দলের সমর্থকদের মধ্যে।
বিএনপি সমর্থক প্যানেলবিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, দুটি সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, দুটি সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতটি সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।
জামায়াত সমর্থক প্যানেলজামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সভাপতি পদে আবদুল বাতেন, দুটি সহসভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দুটি সহসম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন।
সাতটি সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনসিপি সমর্থিত প্যানেলএনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছেন। এর মধ্যে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহসম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।
প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান, সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।
সবশেষ নির্বাচনএর আগে জুলাই গণঅভ্যুত্থানের আগে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক। এছাড়া আরও পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্রার্থী ও সাতটি পদে আ.লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে