ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » সীমানা ভুলে ভারতে ঢুকে আটক ৫ বাংলাদেশী, উদ্বেগ ও স্বজনদের কান্না

সীমানা ভুলে ভারতে ঢুকে আটক ৫ বাংলাদেশী, উদ্বেগ ও স্বজনদের কান্না

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

নৌকা চালিয়ে বাড়ি ফেরার পথে ভুলবশত ভারতের সীমানায় ঢুকে পড়ায় রাজশাহী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার পাঁচ দিন পার হলেও তাদের সুনির্দিষ্ট অবস্থান ও ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে নিশ্চিত তথ্য না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা।

আটকরা হলেন—রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), পাট ব্যবসায়ী সাহাবুল আলী (৪০) ও বাবর আলী (৪০), এবং নৌকার দুই মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও আশাদুল ইসলাম (৩৮)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রাতে রাজশাহীর ওপারে সীমানা সংলগ্ন বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় দেশে ফিরছিলেন তারা। রাতে নদীতে প্রবল স্রোতের বিপরীতে নৌকা চালাতে গিয়ে পথ হারিয়ে ভুলবশত ভারতীয় সীমানার ২-আড়াই কিলোমিটার ভেতরে চলে যান মাঝিরা। এ সময় বিএসএফের টহল দল পাট বোঝাই নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায়।

বিষয়টি জানার পর স্বজনরা তাৎক্ষণিকভাবে বিজিবি’র আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত অতিক্রমের বিষয়টি নিশ্চিত করলেও বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি এখন উচ্চপর্যায়ের চিকিৎসাধীন ও তাদের সিদ্ধান্ত ছাড়া ফেরত দেওয়া সম্ভব নয়।

এদিকে পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিদের হারিয়ে বিপাকে পড়েছে আটকদের পরিবার। মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী কান্নায় ভেঙে পড়ে বলেন, “আপনারা আমার বাবাকে এনে দেন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর কেউ নেই। আত্মীয়দের কাছ থেকে ধারদেনা করে চলছি, এভাবে কতদিন চলব?”

কলেজছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফা জানান, অভাবের সংসারে লেখাপড়ার পাশাপাশি মোশাররফ পাট কেনাবেচার ব্যবসা করত। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, আটকরা সবাই অতি সাধারণ ও দরিদ্র মানুষ। কোনো ধরনের চোরাচালানের সঙ্গে তারা যুক্ত নন; শুধু পথভুলেই তারা সীমানা অতিক্রম করেছেন।

এ বিষয়ে আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান জানান, বিএসএফের সদর খাস মহলের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ ফেরত না দিলে মাঠ পর্যায়ে বিজিবির তাৎক্ষণিক কিছু করার থাকে না।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার জানিয়েছেন, বিষয়টির খোঁজখবর নেওয়া হয়েছে। বিজিবির সাথে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আটক বাংলাদেশী নাগরিকদের দ্রুত ফেরত আনার জোরালো পদক্ষেপ নেওয়া হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে