নিজস্ব প্রতিবেদক
জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও অনলাইন নিবন্ধন কার্যক্রম শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে “জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC)” অনুষ্ঠিত হবে। এতে দেশের হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক প্রগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো—
[https://nhspc.bcc.gov.bd/](https://nhspc.bcc.gov.bd/)
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধনের শেষ সময় আজ ২ মে ২০২৬ রাত ১২টা পর্যন্ত। তাই সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত শিক্ষার্থীদের অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মাউশি জানিয়েছে, তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, প্রোগ্রামিংয়ে আগ্রহ সৃষ্টি এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে প্রস্তুত করতেই এ আয়োজন করা হচ্ছে।
চিঠিটির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
