ঢাকা
ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এআই ক্যামেরা

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এআই ক্যামেরা

স্টাফ রিপোটার:
রাত প্রায় সাড়ে ১২টা।রাস্তাঘাট বেশ নিরব।ঠিক সেইসময় সবচেয়ে ব্যস্ত বাংলামোটর মোড়ে ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলছে। চারপাশ ফাঁকা, চোখে পড়ছে না কোনো ট্রাফিক পুলিশ। আগে এমন সময়ে একের পর এক গাড়ি সিগন্যাল অমান্য করে চলে যেত। এখন দৃশ্যটা বদলে গেছে।একটি কাভার্ড ভ্যান এবং একটি প্রাইভেটকার থেমে আছে, পেছনে মোটরসাইকেলও অপেক্ষায়। সবুজ বাতি জ্বলার অপেক্ষা। মোড়ের কোণে ঝুলে থাকা ছোট একটি ক্যামেরাই যেন সবাইকে থামিয়ে রেখেছে। সেটি এআই প্রযুক্তিনির্ভর।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে এআই প্রযুক্তিভিত্তিক নজরদারি চালু হওয়ার পর সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। বিভিন্ন মোড়ে ঘুরে একই চিত্র দেখা গেছে। আগে যেখানে অনেক মোটরসাইকেল চালকরা সুযোগ পেলেই ফুটপাতে উঠে পড়তেন, এখন সেই প্রবণতা অনেকটাই কমেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে মামলা রেকর্ড করছে। মাত্র এক সপ্তাহে তিন শতাধিক মামলা হয়েছে।

এই প্রযুক্তির মাধ্যমে সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, হেলমেট ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালানোসহ নানা অপরাধ শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি যানবাহনে সঠিক স্থানে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহারের নির্দেশনাও দিয়েছে ডিএমপি।

তবে সাধারণ মানুষের কিছু অভিযোগও রয়েছে। মগবাজার এলাকার এক বাসিন্দা বলেন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকেরা এখন নিয়ম মানছেন, এটি ইতিবাচক। কিন্তু অটোরিকশাগুলো এখনো যেখানে সেখানে থামে, হুট করে ইউটার্ণ নেয়, সিগন্যাল মানে না, মাঝরাস্তায় যাত্রী ওঠানামা করায়। এই নিয়ম তাদের ক্ষেত্রেও কার্যকর করা প্রয়োজন।

সংশ্লিষ্টদের আশা, ডিজিটাল এই ব্যবস্থার ফলে সড়কে শৃঙ্খলা আরও দৃঢ় হবে, ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর হবে এবং দুর্ঘটনা কমবে। তবে বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল করতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং বিআরটিএর তথ্যভাণ্ডার হালনাগাদ করাও জরুরি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে