ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সংবিধান সংস্কার হবে সর্বসম্মত সমঝোতায়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার হবে সর্বসম্মত সমঝোতায়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার, যা সার্বিক জনপ্রত্যাশা পূরণ করবে।

বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য যা কিছু প্রয়োজন, তার সবই সংবিধানে স্থান পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক শুরুর প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধী দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এর দিন-তারিখ ও তালিকা চূড়ান্ত করা হবে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে সদস্য হিসেবে পাঁচটি নাম দেওয়ার কথা থাকলেও তা এখনো পাওয়া যায়নি। তবে আশা করছি, পরিস্থিতি অনুধাবন করে তারা দ্রুতই নাম পাঠাবেন।”

তিনি আরও যোগ করেন, বিরোধী দলের সদস্যরা সরাসরি বৈঠকে অংশ নিলে যেমন তাদের স্বাগত জানানো হবে, তেমনি বৈঠকের বাইরে লিখিতভাবে দেওয়া তাদের পরামর্শও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হবে। আলোচনার মাধ্যমেই একটি সর্বজনগ্রাহ্য সংশোধনী প্রস্তাব ও চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন করা হবে।

সংবিধান সংশোধনের পথে কোনো বড় চ্যালেঞ্জ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি না, বরং জাতির বড় প্রত্যাশা হিসেবে দেখছি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, শহীদদের রক্ত এবং দেশবাসীর বিশাল আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের ভীত তৈরি করাই আমাদের লক্ষ্য। আর এই গণতান্ত্রিক ব্যবস্থাকে স্থায়ী রূপ দিতে সংবিধান সংস্কারই প্রথম ও প্রধান পদক্ষেপ।”

তিনি আরও জানান, কেবল রাজনীতিবিদই নন, সমাজের সর্বস্তরের নাগরিক ও পেশাজীবী সংগঠনগুলো আগ্রহ প্রকাশ করলে তাদের সঙ্গেও পর্যায়ক্রমে কথা বলা হবে। ফলে এখনই আলোচনা শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ‘জুলাই জাতীয় সনদের’ সংগৃহীত বিষয়াবলি এবং নোট অব ডিসেন্টসমূহ (ভিন্নমত) গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি সরকারি দলের নির্বাচনী ইশতেহার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় যুক্ত করে সর্বসম্মত একটি সংবিধান সংস্কারের পথেই এগোচ্ছে এই কমিটি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে