ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার পরিবারের ওপর হামলা, আহত ২

শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার পরিবারের ওপর হামলা, আহত ২

 

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া: কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) আসরের নামাজের পর এ ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন সংসদ সদস্য আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি পরিবারের সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের দিকে আসছিলেন। হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের পথ আটকে দেয়। গাড়ির হর্ন দেওয়ার পরও সড়ক না ছাড়ায় চালকের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও দাবি করেন, নিজেকে এমপি’র স্বজন পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে তাকে মারধর করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় গাড়িতে থাকা তার বোন বের হলে তাকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা থানায় আশ্রয় নেন।

ওসি সোলায়মান সেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সংশ্লিষ্টরা থানায় অবস্থান করছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে