ঢাকা
ঢাকা, রবিবার, ২৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শিক্ষা-প্রশাসনের রদ বদলে শিক্ষা বোর্ডসহ ১০ প্রতিষ্ঠানে নতুন পদায়ন

শিক্ষা-প্রশাসনের রদ বদলে শিক্ষা বোর্ডসহ ১০ প্রতিষ্ঠানে নতুন পদায়ন

 

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষার মান উন্নত করতে, দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং দেশের শীর্ষস্থানীয় ১০টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নতুন পদায়ন দেওয়া হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। রাজধানীর পল্লবী সরকারি কলেজের অধ্যক্ষ করা হয়েছে দর্শনের অধ্যাপক তাসলীমা আক্তারকে এবং বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের আরেক অধ্যাপক ড. ফোরকান মিয়া।

 

এ ছাড়া মাগুরা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে দর্শনের অধ্যাপক পারভীন আক্তারকে এবং রংপুর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. শাহজাহান নাসির।

 

একই আদেশে বেশ কয়েকটি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদেও রদবদল করা হয়েছে। টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনার অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানি। টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন ইসলাম শিক্ষার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইন।

 

কলেজগুলোর পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের শীর্ষ দুই প্রশাসনিক পদে বড় পরিবর্তন আনা হয়েছে। বোর্ডের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি এর আগে একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে বর্তমান সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মাউশিতে বদলি করা হয়েছে।

 

কামাল উদ্দিন হায়দার সচিব পদে পদোন্নতি পাওয়ায় শূন্য হওয়া পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন নিয়োগ পেয়েছেন অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি এর আগে ঢাকা বোর্ডেরই উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন।

এ ছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন উপপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মো. ফরিদুজ্জামান। তিনি বর্তমানে আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়, প্রথম সংশোধনী) উপপরিচালক হিসেবে কর্মরত।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, জনস্বার্থে জারিকৃত এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে