নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে পাচার করে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের একটি বিশেষ দল গ্রিন চ্যানেলে নজরদারি চালায়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানো জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাঁজার পাশাপাশি একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে পরে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। ডিএনসি বলছে, মাদক পাচার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
