নবপ্রকাশ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের গানের সুর থেকে জন্ম নেওয়া ব্যান্ড ‘তীরন্দাজ’ পার করেছে সাফল্যের দীর্ঘ ১৮ বছর। ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শান শাহেদের ভাবনায় তৈরি এই ব্যান্ডটি ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ড্রামার থেকে পরবর্তীতে ব্যান্ডের প্রধান ভোকাল হন শান শাহেদ।
ব্যান্ডটির মোড় ঘুরিয়ে দেয় ‘অন্ধকার ঘরে’ গানটি। ২০১০-১১ সালের দিকে গানটিকে ঘিরে ছড়ানো এক রহস্যময় গল্পের কারণে সারাদেশে গানটি দ্রুত শ্রোতাপ্রিয়তা পায়। এরপর ১৯৯৬ সালের পেপার রাইমের জনপ্রিয় গান ‘আঁধারে’র রক ফিউশন কাভার করে ব্যাপক পরিচিতি পায় তীরন্দাজ। দীর্ঘ এই পথচলায় ব্যান্ডটি ৫ শতাধিক মঞ্চ অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সদস্যপদ অর্জন করেছে।
ব্যান্ডের স্মরনীয় অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তাঁর আহ্বানে একই মঞ্চে গান গাওয়াসহ ২০১৮ সালের ‘রেড রক ফিয়েস্তা’ আয়োজনেও তিনি সঙ্গে ছিলেন। তবে দীর্ঘ যাত্রায় ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠাকালীন সদস্য কপিল বড়ুয়া এবং ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যবস্থাপক ইমতিয়াজ আলম চৌধুরীকে হারায় ব্যান্ডটি।
বর্তমানে নিজেদের মোট ১৩টি মৌলিক গানের পাশাপাশি প্রথম একক অ্যালবাম ‘জাগো বাংলাদেশ’ নিয়ে কাজ করছে ব্যান্ডটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে শুরু হওয়া সেই গানের সুর আজ স্থান করে নিয়েছে দেশের প্রধান সব কনসার্ট মঞ্চে।
