রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাঈদুল হোসেন সাহেদ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাকে এ পদে মনোনয়ন প্রদান করা হয়।
সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন।
ছাত্রজীবনে তিনি ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে ডাকসুর মুখপত্র ‘ছাত্রবার্তা’র সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেন। জাতীয় ছাত্র কনভেনশনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র হাতে ‘ছাত্রবার্তা’র বিশেষ সাময়িকী তুলে দেন তিনি।
পেশাগত জীবনে তিনি দিনকাল পত্রিকায় সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’-এর গবেষক হিসেবেও কাজ করেছেন।
২০০৭ সালে মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পর মাত্র ১০ মাসে প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
বর্তমানে তিনি বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
