ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রিয়ালে চরম বিশৃঙ্খলা: অনুশীলনে হাতাহাতি, দুই তারকাকে বড় অঙ্কের জরিমানা

রিয়ালে চরম বিশৃঙ্খলা: অনুশীলনে হাতাহাতি, দুই তারকাকে বড় অঙ্কের জরিমানা

স্পোর্টস ডেস্ক: মাঠের পারফরম্যান্স নিয়ে এমনিতেই চাপে আছে রিয়াল মাদ্রিদ, তার ওপর যোগ হলো অভ্যন্তরীণ কোন্দল। দলের দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়াঁ চুয়ামেনির মধ্যে অনুশীলনে হাতাহাতির ঘটনায় উত্তাল ক্লাব প্রাঙ্গণ। শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্লাব কর্তৃপক্ষ এই দুই তারকাকে ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫.৫৬ কোটি টাকা) করে জরিমানা করেছে। শুক্রবার (৮ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কঠোর শাস্তির ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। ঘটনাটি ঘটে গত বুধবারের প্রশিক্ষণ সেশনে। কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উরুগুয়ের তারকা ভালভার্দে ও ফ্রান্সের চুয়ামেনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে ভালভার্দে একটি টেবিলের কোণায় মাথায় আঘাত পান। আঘাতটি গুরুতর না হলেও ক্ষতস্থানে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছিল।

 

তবে ভালভার্দে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে ‘তুচ্ছ’ বলে দাবি করেছেন। তিনি লেখেন, “কোনো ঘুষি বা মারাত্মক আঘাত হয়নি। এটি স্রেফ একটি অর্থহীন ঝগড়া ছিল, যাকে তিল থেকে তাল করা হয়েছে।” অন্যদিকে, শুক্রবার অনুশীলনে ফিরে ফরাসি তারকা চুয়ামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি লেখেন:

“অনুশীলনে যা ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। তরুণদের সামনে আমরা যে উদাহরণ তৈরি করতে চাই, সেই বিচারে আমি লজ্জিত। সবচেয়ে বেশি দুঃখ হচ্ছে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করার জন্য।”

ক্লাব সূত্র জানিয়েছে, দুই খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে একে অপরের কাছে এবং পুরো কোচিং স্টাফ ও সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তারা ক্লাবের যেকোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছেন বলেও জানান। রিয়াল মাদ্রিদ বর্তমানে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশিত ছন্দে নেই। এর মাঝে এমন ঘটনা দলের মনোবল কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বড় খবর হলো, এই দ্বন্দ্বে খেলার ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’তে দুজনেই মাঠে নামার জন্য প্রস্তুত। বার্সার লিগ শিরোপা জয় আটকাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই রিয়ালের সামনে।

 

চলতি মৌসুমে ট্রফিহীন থাকার শঙ্কায় থাকা রিয়াল মাদ্রিদের জন্য এই ঘটনাটি বড় একটি সতর্কবার্তা। বিশেষ করে বিশ্বকাপের আগে উরুগুয়ে ও ফ্রান্সের দুই গুরুত্বপূর্ণ সদস্যের এমন আচরণ তাদের জাতীয় দলের প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে। তবে ৫ লাখ ইউরোর এই বিশাল জরিমানা দিয়ে রিয়াল কর্তৃপক্ষ স্পষ্ট করে দিল যে, খেলোয়াড় যত বড় তারকাই হোক না কেন, ক্লাবের শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে