ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ ইডেনের শিক্ষার্থীদের

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ ইডেনের শিক্ষার্থীদের

জহিরুল ইসলাম রাতুল: রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শনিবার গভীর রাতে উত্তাল হয়ে উঠেছে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। আবাসিক শিক্ষার্থীদের আকস্মিক বিক্ষোভ, মূল ফটকের তালা ভেঙে বাইরে অবস্থান এবং রাজনৈতিক ব্যানার ছেঁড়ার ঘটনায় রাতভর চরম উত্তেজনা বিরাজ করে কলেজ এলাকায়।

 

সরেজমিনে দেখা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজের বিভিন্ন হল থেকে দলবেঁধে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা কলেজের মূল ফটকের সামনে জড়ো হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মূল ফটকের তালা ভেঙে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন এবং সেখানে স্লোগান দিতে থাকেন।

 

এ সময় কলেজের নিরাপত্তাবেষ্টনীতে টানানো একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে ফেলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেটিতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্য শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছিল। কলেজের প্রধান ফটকে ‘ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাস’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। তবে কিছুক্ষণ পর সেটি কে বা কারা সরিয়ে ফেললে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরেই রাত বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করে।

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রভাব বিস্তার, ক্ষমতার দ্বন্দ্ব এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক আধিপত্যের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না’, ‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’—এমন নানা স্লোগান দিতে থাকেন। এ সময় কলেজের সামনের সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলেও ধীরগতি দেখা যায়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থান নেন। তবে রাত গভীর পর্যন্ত কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

শিক্ষার্থীদের একটি অংশ জানান, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়; বরং একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছেন। তাদের ভাষ্য, সাধারণ শিক্ষার্থীদের মতামত ও অধিকারকে উপেক্ষা করে ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সংস্কৃতি বন্ধ করতে হবে। পরবর্তীতে কয়েকজন শিক্ষার্থী মিলে ইডেন কলেজের গেটে আবারো কালো রং দ্বারা “সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস” কথাটি লেখেন।

 

রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। আবাসিক হলগুলোর সামনেও শিক্ষার্থীদের জটলা দেখা যায়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে