ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রণক্ষেত্র ফরিদপুর, আহত ৩০

রণক্ষেত্র ফরিদপুর, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কের ওপর ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় একই ঘটনার জেরে প্রথম দফা সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হন। স্থানীয়দের ভাষ্য, ওই ঘটনায় চেয়ারম্যানপক্ষের লোকজন বেশি আহত হওয়ায় পরদিন সকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকার আকরাম শেখ সম্প্রতি চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লার বিরুদ্ধে ঈদ উপলক্ষে বিতরণ করা সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসন বিষয়টি তদন্তে নামে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত না হলেও ভিডিওটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় আকরাম শেখ ও চেয়ারম্যান সোহাগ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ দ্রুত তীব্র আকার ধারণ করে।

এ বিষয়ে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা বলেন, যাচাই-বাছাই ছাড়া তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের সময় উত্তেজনা তৈরি হলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, প্রথম দফা সংঘর্ষের জেরেই পরদিন সকালে আবারও দুই পক্ষ মুখোমুখি হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে তার জের ধরেই পরদিন আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে