বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন সিনেমার বাজার এবার নতুন উচ্চতায় পৌঁছেছে। ১ মে থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রেক্ষাগৃহগুলোতে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৭ হাজার কোটি টাকার সমান।
এই আয় ছাড়িয়ে গেছে গ্রীষ্মকালীন বক্স অফিসের আগের সর্বোচ্চ রেকর্ড। ২০১৩ সালে ‘আয়রনম্যান ৩’, ‘ডেসপিকেবল মি ২’ ও ‘ম্যান অব স্টিল’-এর মতো জনপ্রিয় সিনেমার হাত ধরে ওই মৌসুমে আয় হয়েছিল ৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি হলো। সিনেমা হলের ব্যবসায় সাম্প্রতিক সময়ে নানা চ্যালেঞ্জ থাকলেও এবারের গ্রীষ্মকালীন আয় শিল্পটির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।
তবে নতুন রেকর্ডের হিসাব বিশ্লেষণের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখা হচ্ছে। ২০১৩ সালের আয় মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হয়নি। ফলে দুই সময়ের প্রকৃত বাজারমূল্যের পার্থক্য হিসাবের মধ্যে আসেনি।
এ ছাড়া এবারের গ্রীষ্মকালীন বক্স অফিসের সময়সীমাও ছিল তুলনামূলকভাবে বেশি। এ বছর মৌসুমটি চলেছে ১৩০ দিন, যেখানে ২০১৩ সালে ছিল ১২৩ দিন।
ক্যালেন্ডারে লেবার ডে ছুটির অবস্থানের কারণেই এবার মৌসুমের সময়সীমা কিছুটা দীর্ঘ হয়েছে। তারপরও মোট আয়ের দিক থেকে আগের রেকর্ড পেরিয়ে যাওয়াকে হল মালিক ও চলচ্চিত্র বিশ্লেষকেরা গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।
