ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘যা দেখছেন, তার চেয়েও বেশি ভালোবাসি মেসিকে’

‘যা দেখছেন, তার চেয়েও বেশি ভালোবাসি মেসিকে’

স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ সামনে। এরই মধ্যে তাঁকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ক্রিস্তিয়ান রোমেরো। মেসির সঙ্গে দীর্ঘ সময়ের পথচলা, তাঁর অনুপস্থিতির অনুভূতি এবং নিজের আফসোসের কথা জানিয়েছেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার।

বেনিনের বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। মেসির বিদায় নিয়ে রোমেরো বলেছেন, তাঁর অভাব ইতিমধ্যেই টের পাচ্ছেন তাঁরা।

রোমেরে বলেন, ‘সত্যি বলতে, এই আন্তর্জাতিক বিরতিতেই আমরা তাঁকে মিস করছি। অবশ্যই এটা কোনো এক সময় হওয়ারই ছিল। কিন্তু তাঁর অনুপস্থিতি এতটা অনুভব করব, কখনো ভাবিনি।’

মেসির নেতৃত্বের ধরনও তুলে ধরেছেন তিনি। সতীর্থদের চেয়ে নিজেকে কখনো বড় করে দেখতেন না মেসি।

রোমেরো বলেন, ‘সে সব সময় সেভাবেই নেতৃত্ব দিয়েছে। কখনো নিজেকে কারও চেয়ে এগিয়ে রাখেনি।’

ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্‌যাপনের একটি ভিডিওর কথা আলাদাভাবে বলেছেন রোমেরো। সেই ভিডিও দেখলে এখনো আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

রোমেরে বলেছেন, ‘ইংল্যান্ডকে হারানোর পরের সেই ভিডিওটি দেখলে আমি সব সময় আবেগপ্রবণ হয়ে পড়ি। সবাই যখন তাকে ঘিরে উদ্‌যাপন করছিল, তখন সে দলের দিকে ইশারা করছিল।’

মেসির এমন আচরণই তাঁকে আরও মুগ্ধ করেছে। রোমেরোর চোখে মেসিই ইতিহাসের সেরা ফুটবলার, ‘আমার কাছে সে সর্বকালের সেরা ফুটবলার। তার ওপর সে একজন অসাধারণ মানুষ।’

মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন রোমেরো। বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি।

এই দায়িত্ব পাওয়ার পেছনে মেসিরও ভূমিকা ছিল বলে জানিয়েছেন রোমেরো। অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে মেসি তাঁকে সমর্থন করেছিলেন, ‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে-ও আমাকে বেছে নিয়েছিল। আমার জন্য এটি বড় দায়িত্ব। সে এবং অবশ্যই কোচ মিলে আমাকে বেছে নিয়েছে—এটা অসাধারণ একটি ব্যাপার।’

মেসির সঙ্গে ছয়-সাত বছরের পথচলা থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন তিনি। রোমেরো বললেন, ‘গত ছয়-সাত বছর আমরা একসঙ্গে ছিলাম। এই সময়ে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও খোলাখুলি বলেছেন রোমেরো। জাতীয় দলে যোগ দেওয়ার পর মেসির সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে তাঁর, ‘আমি সত্যিই তাকে ভালোবাসি। জাতীয় দলে যোগ দিয়ে তার সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতে পেরেছি, এটাও আমার সৌভাগ্য। ফুটবলের কারণে আমাদের যে সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটাই এখন আমার জন্য কঠিন হয়ে উঠছে।’

তবে মেসিকে নিয়ে একটি আফসোসও আছে তাঁর। এতদিনের ভালোবাসা ঠিকভাবে প্রকাশ করতে পারেননি বলে আক্ষেপ রোমেরোর, ‘আমি তাকে যে ভালোবাসা সব সময় অনুভব করেছি, তা আরও বেশি করে দেখাতে না পারার জন্য সত্যিই আফসোস করি। এটাই আমার সবচেয়ে বড় আফসোস হবে।’

মেসিকে কতটা মিস করবেন, সেটিও বুঝিয়ে দিয়েছেন রোমেরো। শেষে সতীর্থ ও অধিনায়ককে আবেগঘন বিদায় জানিয়ে বলেছেন, ‘মানুষ যতটা ভাবছে, তার চেয়েও অনেক বেশি তাকে মিস করা হবে। ধন্যবাদ, অধিনায়ক।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে