নবপ্রকাশ ডেস্ক:
মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকা দিয়ে নারী ও পুরুষসহ ছয়জন নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তীব্র বাধার মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে উপজেলার রংমহল সীমান্তে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৭ নম্বর এলাকা দিয়ে চারজন নারী ও দুজন পুরুষকে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের সরাসরি নেতৃত্বে বিএসএফ জোয়ানরা সীমান্তে ওই সীমান্ত পারাপারের চেষ্টা করে।
বিষয়টি সীমান্ত টহলে থাকা রংমহল বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিক কড়া অবস্থান নিয়ে জোরালো প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির শক্ত অবস্থানের মুখে বিএসএফ জোয়ানরা বাধ্য হয়ে ছয়জনকে নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রেবেশ বা পুশইন চেষ্টা কোনোভাবেই সহ্য বা গ্রহণ করা হবে না। সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং সীমান্তে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
